×
Logo

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে সোমবার আরব দেশগুলোর সঙ্গে বৈঠক হবে: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

হরমুজ নিয়ে সোমবার আরব দেশগুলোর সঙ্গে বৈঠক হবে: পেজেশকিয়ান

ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর কর্মকর্তারা সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসবেন। সেখানে হরমুজ প্রণালির মধ্য দিয়ে ইরান-ওমান যৌথ নৌপথ চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, চলতি সপ্তাহের সোমবার, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে বৈঠক করবেন। সেখানে হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক নৌ সংস্থাকে (আইএমও) অবহিত করা হবে।

তিনি বলেন, 'সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে মিলিত হবেন। সেখানে হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ পথ প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করা হবে এবং আন্তর্জাতিক নৌ সংস্থাকে (আইএমও) এ বিষয়ে জানানো হবে।'

ইরানের প্রেসিডেন্ট আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও এই বৈঠকে অংশ নেবে।

পেজেশকিয়ানের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় অঞ্চলটিতে যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।

/এআই 

Logo