×
Logo

আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি ঢলে প্রাণহানি ১৪শ ছাড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি ঢলে প্রাণহানি ১৪শ ছাড়াল

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে।

নেপাল কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, কেবল নেপাল ভূখণ্ড থেকেই এ পর্যন্ত ১ হাজার ৩৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সীমান্তের ওপারে তিব্বত অংশে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন।

প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের উভয় পাশে এখনও সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে ঢলের তীব্রতা এবং উদ্ধারকাজে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা অত্যন্ত ক্ষীণ বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

প্রলয়ংকরী এই প্রাকৃতিক দুর্যোগে নেপালে ৪০০ বিলিয়ন নেপালি রুপিরও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। বিশাল এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অবকাঠামো পুনর্গঠন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নিতে যাচ্ছে নেপাল সরকার।

এদিকে দুর্যোগদুর্গত জনপদগুলোতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।

নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত রোগের মারাত্মক ঝুঁকি। দুর্গত বিদুর পৌর এলাকার মোট ১৫টি খাবার পানির উৎসের মধ্যে ৫টিতেই ক্ষতিকর 'ই-কোলাই' ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, যা ওই অঞ্চলে মহামারী আকারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরির শঙ্কা বাড়িয়েছে।

/এএ 

Logo