২ মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ এএম
যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দাবি, মার্কিন নৌবাহিনীর 'ডিডিজি-১১৯' ও 'ডিডিজি-৫৩' নামের দু'টি কমব্যাট ডেস্ট্রয়ার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, যুদ্ধজাহাজ দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এজিস প্রতিরক্ষা ব্যবস্থা বহন করে। ইরানি তেলবাহী ট্যাংকার ও অন্যান্য জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির’ জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অপারেশনাল ইউনিটগুলো মার্কিন যুদ্ধজাহাজ দু'টিতে হামলা চালিয়েছে। এতে নৌযান দুটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
/এআই