×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার আশঙ্কায় সন্তানকে স্কুলে পাঠাতে ভয় ফিলিস্তিনি বাবা-মায়ের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

ইসরায়েলি হামলার আশঙ্কায় সন্তানকে স্কুলে পাঠাতে ভয় ফিলিস্তিনি বাবা-মায়ের

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বাড়তে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ফিলিস্তিনি বাবা-মায়েরা। রামাল্লার উত্তর-পূর্বে আল-মুঘাইয়ির গ্রামের একটি স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে নিরাপত্তাহীনতা কাটেনি।

গ্রামের আল-মুঘাইয়ির বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসাম আল-আসাফ জানান, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ভোরের আগেই স্কুলে পৌঁছান তিনি। নিরাপত্তা বাড়াতে স্কুলজুড়ে নতুন কাঁটাতারের বেড়া এবং শক্তিশালী ফটক বসানো হয়েছে।

তার ভাষ্য, শিক্ষার্থীরা যেমন আতঙ্কে আছে, তেমনি ভয় পাচ্ছেন তাদের অভিভাবকরাও।

চলতি বছর আল-মুঘাইয়িরে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে স্কুলটির তিন শিক্ষার্থীও রয়েছে। এদের একজন ১৪ বছর বয়সী আওস আল-নাসান। এপ্রিল মাসে স্কুলের ফটকের বাইরে এক বসতি স্থাপনকারীর গুলিতে নিহত হয় সে।

স্কুলের সামনেই গুলিতে প্রাণ গেল শিক্ষার্থীর

আওস নিহত হওয়ার সেই দিনের ঘটনা এখনো ভুলতে পারেননি স্কুলটির ইংরেজির শিক্ষক ওয়াহিদ আবু নাঈম। তার ভাষ্য, শ্রেণিকক্ষে থাকা অবস্থায় দুই শিক্ষার্থী দৌড়ে এসে জানান, স্কুলের দেয়ালের কাছে বসতি স্থাপনকারীদের দেখা গেছে।

শিক্ষার্থীদের নিরাপদে স্কুলের ভেতরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওয়াহিদ। তখনই গুলি চালানো হয় বলে জানান তিনি।

আওসকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উল্টে দেন ওয়াহিদ। এরপর তার মাথায় গুলি এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখেন। পরে শিশুটিকে আর বাঁচানো যায়নি।

ওয়াহিদের ভাষ্য অনুযায়ী, এরপরও স্কুল ভবনের দিকে গুলি আসতে থাকে। আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে কিংবা মেঝেতে শুয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।

ঘটনার সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ‘বেসামরিক নাগরিকদের’ বহনকারী একটি গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই গাড়িতে একজন রিজার্ভ সেনাসদস্যও ছিলেন বলে জানায় তারা। পরে ওই সেনাসদস্য গাড়ি থেকে নেমে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালান বলে দাবি করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরে ওই রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে তদন্ত শুরু করা হয়।

/এআই 

Logo