ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে দেশটির ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছেন।
মারধরের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাঁধনকে হেনস্তাকারীরা নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এই অভিনেত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সঙ্গে থাকা তার ভাই।
এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখে মুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়; আঘাতে মুখ ফুলে লাল। সেই সাথে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার সাথে, আমার সাথে হচ্ছে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে। সো এগুলো তারা করেছে।
বাঁধন আরও বলেন, তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে, তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে জোর করে। তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।
এই ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়েছেন বাঁধন।
/এমএন