×
Logo

আন্তর্জাতিক

আনাদুলু এজেন্সির প্রতিবেদন

সাগরে চীনা বিমানের উড্ডয়ন ঘিরে জাপানের সামরিক তৎপরতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

সাগরে চীনা বিমানের উড্ডয়ন ঘিরে জাপানের সামরিক তৎপরতা

পূর্ব চীন সাগরে দেশটির গোয়েন্দা বিমান উড্ডয়নের অভিযোগে টানা চার দিন সামরিক যুদ্ধবিমান পাঠিয়ে নজরদারি চালিয়েছে জাপান। সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানের জয়েন্ট স্টাফের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত, চীনের 'ওয়াই-৯' মডেলের বিমানগুলো পূর্ব চীন সাগরে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর পশ্চিমে অবস্থিত দানজো দ্বীপপুঞ্জ এবং ওকিনাওয়ার মূল দ্বীপের আশপাশে উড়েছে।

তবে উড্ডয়নের সময় চীনা বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি বলে নিশ্চিত করেছে টোকিও। তারপরও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে জাপানের বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে টোকিওর অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

জাপান ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যেই নতুন করে এ ঘটনা সামনে এলো। পূর্ব চীন সাগর দীর্ঘদিন ধরেই দুই দেশের সামরিক ও কৌশলগত প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ একটি এলাকা। ফলে ওই অঞ্চলে সামরিক বিমানের তৎপরতা দুই দেশের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করে।

/এআই 

Logo