×
Logo

আন্তর্জাতিক

আগস্টে মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি কমেছে ৩৯%

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

আগস্টে মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি কমেছে ৩৯%

যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আগস্টে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রফতানি ৩৯ শতাংশ কমেছে। রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

তেলবাহী জাহাজের চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, এ সময়ে অঞ্চলটি থেকে প্রতিদিন প্রায় ৭ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল কম রফতানি হয়েছে।

ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে, মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৮ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়েছিল। যুদ্ধ শুরুর আগের সেই মাত্রার তুলনায় আগস্টেও রপ্তানি উল্লেখযোগ্যভাবে কম ছিল।

তবে রফতানি কমার মাত্রা মে মাসের তুলনায় কিছুটা কমেছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যের তেল রফতানি ৬৭ শতাংশ পর্যন্ত কমে যায়। ওই মাসে ঘাটতি ছিল প্রতিদিন প্রায় ১২ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল।

আগস্টে সেই ঘাটতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২ মিলিয়ন ব্যারেলে। অর্থাৎ মে মাসের তুলনায় তেল রফতানির পরিস্থিতিতে কিছুটা উন্নতি হলেও তা এখনো যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরতে পারেনি।

এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। কয়েক দশকের মধ্যে অন্যতম গুরুতর সামুদ্রিক পরিবহন বিঘ্নের পেছনে এই পরিস্থিতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহও চাপের মুখে পড়েছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ওপরও পড়ছে।

/এআই

Logo