গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
গাজায় ইসরায়েলি হামলায় পৃথক স্থানে দুই শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। দেশটির চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আনাদুলু নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম গাজা শহরের আল-খালিদি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের তাঁবুতে ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে দুজন আহত হয়েছেন। অন্যদিকে, উত্তর-পশ্চিম গাজার আস-সুদানিয়া এলাকায় আরেকটি বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলের পৃথক এক হামলায় এক শিশু আহত হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গাজা শহরের উত্তর-পূর্বে তুফাহ মহল্লায় ইসরায়েলি বিমান হামলায় আরও তিনজন আহত হয়েছেন। একই হামলায় স্প্লিন্টারের সামান্য আঘাতে এক শিশুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা তুফফাহ, আস-সুদানিয়ায় চারজন আহত হওয়ার খবরও জানিয়েছে।
এদিকে, ১১ অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১ হাজার ৩৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৪৬৪ জন আহত হয়েছেন।
/এসআর