×
Logo

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় স্কুলের বিনামূল্যের খাবার খেয়ে ৩ দিনে অসুস্থ প্রায় ২ হাজার শিক্ষার্থী ও শিক্ষক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

ইন্দোনেশিয়ায় স্কুলের বিনামূল্যের খাবার খেয়ে ৩ দিনে অসুস্থ প্রায় ২ হাজার শিক্ষার্থী ও শিক্ষক

ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যের খাদ্য কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে মাত্র তিন দিনে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির সেন্ট্রাল জাভা প্রদেশেই সবচেয়ে বেশি বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ৭৭৭ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত শিক্ষার্থী ও শিক্ষকদের শরীরে তীব্র ডায়রিয়া, পেটে প্রচণ্ড ব্যথা ও অনবরত বমির মতো জটিল উপসর্গ দেখা দিয়েছে। অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবেশন করা মেন্যুতে গ্রিল করা মুরগির মাংস ছিল। পরবর্তীতে ল্যাব টেস্ট ও খাদ্যমান পরীক্ষকদের অনুসন্ধানে সেই খাবারের নমুনায় পচন ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

এর আগেও বেশ কয়েক দফায় দেশটির বিভিন্ন স্কুলে এই ফ্রি মিল কর্মসূচির খাবার খেয়ে শত শত শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছিল। ইন্দোনেশিয়ার কোটি কোটি সুবিধাবঞ্চিত শিশুর অপুষ্টি দূরীকরণ ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নিয়ে গত বছর কয়েকশ' কোটি ডলারের এই মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।

তবে প্রকল্পটি সূচনালগ্ন থেকেই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে চরম অব্যবস্থাপনা এবং সরবরাহ চেইনে বড় ধরনের দুর্নীতির অভিযোগে কঠোর সমালোচনার মুখে পড়েছে। 

/এএ 

Logo