ইস্তাম্বুল উপকূলে সংঘর্ষের পর কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১০ নাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
তুরস্কের ইস্তাম্বুল উপকূলে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটির ১০ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী। খবর আল-জাজিরার।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মারমারা সাগরে এ সংঘর্ষ ঘটে। যা ইস্তাম্বুলের উপকণ্ঠ সিলিভরি থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণে।
ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, তুরস্কের পতাকাবাহী ‘আলসু’ নামের একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ‘তুগবার্ক ইমামোগলু’ জাহাজটির নাবিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, সংঘর্ষে আলসু জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি।
সামুদ্রিক বিষয়ক সাধারণ অধিদফতর এক বিবৃতিতে জানায়, ডুবে যাওয়া জাহাজের একটি লাইফবোট ও অন্যান্য ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে জাহাজটিতে থাকা ১০ নাবিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তারা আরও জানায়, জাহাজে থাকা নাবিকদের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় ধারণা করা হচ্ছে, জাহাজটি ডুবে গেছে।
এদিকে, তুরস্কের পরিবহনমন্ত্রী বলেন, জাহাজটিতে ক্যাপ্টেনসহ মোট ১০ জন নাবিকের সবাই তুরস্কের নাগরিক। তিনি জানান, মাত্র ১১ মিনিটের মধ্যে জাহাজটি দ্রুত ডুবে যায়।
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৯০ মিটার দীর্ঘ ‘তুগবার্ক ইমামোগলু’ তুরস্কের ভূমধ্যসাগরীয় বন্দর ইস্কেন্দেরুন থেকে কৃষ্ণসাগরের এরেগলি বন্দরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ৯১ মিটার দীর্ঘ ‘আলসু’ ইস্তাম্বুলের পূর্বে অবস্থিত কোকায়েলি থেকে এজিয়ান উপকূলের আলিয়াগার দিকে যাচ্ছিল।
/এএন