×
Logo

আন্তর্জাতিক

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ভোর থেকে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মার্কিন আগ্রাসনের জবাবে আমিরাতের আল-ধফরা ও আল-মিনহাদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান ও উন্নত রাডার সিস্টেম লক্ষ্য করে কয়েক ডজন সামরিক কামিকাজে (আত্মঘাতী) ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আল-ধফরা ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অপরাধমূলক অপারেশনাল কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি। তাদের দাবি, এই ঘাঁটিটি মার্কিন বাহিনীর বিমান অভিযান পরিচালনা, আকাশপথে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক লজিস্টিক সহায়তার প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ইরানের বিপ্লবী গার্ডরা আরও উল্লেখ করেছে, সম্প্রতি ইরানের আবাসিক এলাকা এবং একটি বিয়ের অনুষ্ঠানে চালানো বর্বরোচিত মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই সরাসরি ড্রোন অভিযান পরিচালিত হয়েছে।

তবে এই হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত বা মার্কিন সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি।

/এএ

Logo