×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের বড় ও শক্তিশালী হামলা এখনও চলছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের বড় ও শক্তিশালী হামলা এখনও চলছে: ট্রাম্প

হরমুজ প্রণালির কাছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘বড় ও শক্তিশালী’ হামলা এখনও চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পাল্টা হামলা চালালে ইরানকে আরও কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন স্থাপনের ইরানের ব্যর্থ প্রচেষ্টার জবাবেই এই হামলা চালানো হচ্ছে। তার দাবি, বর্তমানে প্রণালিটিতে কোনো মাইন নেই; সবগুলো সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরিত করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরান জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে সবগুলোই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই অত্যন্ত ন্যায্য’ হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ করলে তাদের আরও কঠোর ও উচ্চমাত্রায় আঘাত করা হবে।

ট্রাম্প আরও দাবি করেন, সবচেয়ে বড় হামলা এখনও বাকি রয়েছে। সেটি চালানো হলে ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের খুব সামান্যই অবশিষ্ট থাকবে’ বলেও হুমকি দেন তিনি।

উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালির কাছে ইরানের বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়ছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকেও হামলার বিষয়ে নিশ্চিত করা হয়েছিল। 

/এনএ


Logo