জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর যেকোনো ধরনের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কঠোর ও কার্যকর জবাব দেবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত রাতে জর্ডান লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবকটি আকাশেই সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। আর যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়নি, সেটি কোনো ধরনের হুমকি বা ক্ষয়ক্ষতির কারণ ছিল না বলে শনাক্ত করা হয়েছিল।
একই সঙ্গে ট্রাম্প তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, চরম সংকটে পড়ে ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।
এর আগে লারাখ দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় রোববার রাতে জর্ডানের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্ত পরিবেশের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম সরাসরি বড় ধরনের সংঘাতের ঘটনা।
/এএ