অপরাধ দমনে কঠোর ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
মানিকগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
দুর্নীতি, মাদক, জুয়া ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি জবাবদিহিমূলক প্রশাসন ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।
বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে বাস্তবসম্মত কোনো কার্যকর উন্নয়ন হয়নি। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের নামে শুধু সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছে বিগত আওয়ামী লীগ সরকার।
স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার মহাপরিকল্পনাসহ বহুমুখী সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী বা বিদেশমুখী হতে হবে না; দেশের প্রান্তিক পর্যায়েই মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
/এএ