ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৩ এএম
ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার (৩০ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্সের।
মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজের এক প্রতিবেদক জানান, হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে। তবে, সেখান থেকে আসা প্রায় সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে লারাক দ্বীপে থাকা দুটি উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানো হয়।
এদিকে আইআরজিসি জানায়, হামলায় কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। তেহরান এই হামলার জবাব এবং শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা হয়েছে বা বিস্ফোরিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, নতুন করে কোনো জাহাজ বা নৌযান মাইন বসালে সেটি ধ্বংস করা হবে।
জুলাইয়ের শেষের দিকে ইরানে সর্বশেষ মার্কিন হামলা হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ অচলাবস্থার মধ্যে রয়েছে। একই সময়ে ইরানকে সমর্থনকারী দেশগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালানো শুরু হয়। এরপর ইরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। এই যুদ্ধ বর্তমানে ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে অবরোধ তৈরি হয়েছে। এর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো।
/এএন