মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
মুসলিম বিশ্বের প্রতি প্রকৃত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। তিনি বলেন, শত্রুরা বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। খবর আল-জাজিরার।
রোববার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা উল্লেখ করে তার লিখিত বিবৃতিতে বলা হয়, তারা বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে ইরানসহ অন্যান্য ইসলামী দেশের মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এভাবে তারা ইসলামী উম্মাহর বিভক্তি ও শক্তি দুর্বল হয়ে পড়া পর্যবেক্ষণ করছে এবং তাদের ওপর আধিপত্য প্রতিষ্ঠার উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে। মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান খামেনি।
তিনি প্রশ্ন করেন, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকলে ফিলিস্তিনি জনগণ কি এতটা অসহায় অবস্থায় থাকত এবং দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো।
তিনি আরও প্রশ্ন করেন, পারস্য উপসাগরের আশপাশের দেশগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হলে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন ব্যক্তিরা কি তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেতো।
তিনি বলেন, আমেরিকার অপরাধী শাসক এবং ভুয়া জায়নিস্ট শাসন এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু।
খামেনি বলেন, তারা শুধু ইসলামী প্রজাতন্ত্র, ইরানি জাতি এবং ইসলামী প্রতিরোধের বৃহৎ ফ্রন্টের শত্রু নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোসহ পুরো মুসলিম উম্মাহর প্রতিও তারা শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে।
/এএন