জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম
জিম্বাবুয়েতে একটি মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা একটি গির্জার সম্মেলনে যোগ দিতে যাওয়া খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৩ জন নিহত হন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ায়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
জিম্বাবুয়ে পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল সড়ক অবকাঠামো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/এমএইচআর