×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধের লক্ষ্য অর্জনে ‘শত্রু’ ব্যর্থ, ইরানই বিজয়ী: সেনাপ্রধান আমির হাতামি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

যুদ্ধের লক্ষ্য অর্জনে ‘শত্রু’ ব্যর্থ, ইরানই বিজয়ী: সেনাপ্রধান আমির হাতামি

যুদ্ধের লক্ষ্য অর্জনে ‘শত্রু’ ব্যর্থ হয়েছে দাবি করে ইরানকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করলেও শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর বিরুদ্ধে অত্যন্ত তীব্রতার সঙ্গে এসব অস্ত্র ব্যবহার করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আমির হাতামির এ বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হাতামি বলেন, ‘শত্রুপক্ষ’ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল। তবে যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের মজুত থাকা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সক্ষমতা সর্বোচ্চ তীব্রতায় ব্যবহার করা হয়েছে।

তার ভাষ্য, সামরিক দৃষ্টিকোণ থেকে আগ্রাসী পক্ষ তখনই বিজয়ী হিসেবে বিবেচিত হয়, যখন তারা যুদ্ধের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারে। কিন্তু প্রতিরক্ষামূলক যুদ্ধে প্রতিপক্ষ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সেটিই প্রতিরোধকারী পক্ষের বিজয় হিসেবে বিবেচিত হয়।

এই যুক্তি তুলে ধরে ইরানের সেনাপ্রধান বলেন, যেহেতু ‘শত্রু’ তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি, তাই এই যুদ্ধে ইরানই বিজয়ী।

ইরানের সামরিক নেতৃত্ব সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান তাদের প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

/এআই

Logo