কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর সিএনএনের।
শনিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই সংখ্যা চূড়ান্ত নাও হতে পারে। এছাড়া, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ ড্রোন একটি গুদামে আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তবে তিনি ওই স্থাপনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
জেলেনস্কি বলেন, এ ঘটনায় তদন্ত শুরু করা হবে। কারণ, বাড়িঘর বা অন্যান্য আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ড্রোন তৈরির সরঞ্জাম রাখা একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে।
/এএন