×
Logo

আন্তর্জাতিক

ভিয়েনার জাদুঘর থেকে মিশরের রাজপরিবারের ৬০০টি হীরার নেকলেস চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:৫০ এএম

ভিয়েনার জাদুঘর থেকে মিশরের রাজপরিবারের ৬০০টি হীরার নেকলেস চুরি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতে এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। একটি বিখ্যাত জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের ব্যবহৃত এবং ছয় শতাধিক হীরা খচিত একটি ঐতিহাসিক প্ল্যাটিনাম নেকলেস চুরি করে নিয়ে গেছে দুই অস্ত্রধারী দুর্বৃত্ত। আন্তর্জাতিক বাজারে চুরি যাওয়া এই অমূল্য অলংকারটির মূল্য ৪০ লাখ ডলার যা ৪৭ কোটি টাকা বেশি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে দুই চোর। এরপর প্রদর্শনী কক্ষে রাখা কাচের সুরক্ষিত ডিসপ্লে কেস ভেঙে ২০০ ক্যারেটেরও বেশি ওজনের হীরাযুক্ত নেকলেসটি ছিনিয়ে নেয় তারা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরদের মুখে কোনো মুখোশ ছিল না এবং তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্র ছিল। চুরির পর তারা দ্রুত জাদুঘরের দক্ষিণ পাশের ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়।

চুরি হওয়া ঐতিহাসিক নেকলেসটি প্রখ্যাত ফরাসি জুয়েলারি হাউস ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস-এর তৈরি। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার কন্যা ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির রাজকীয় বিবাহ অনুষ্ঠানে এই নেকলেসটি পরিধান করেছিলেন। সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকা বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে এটি ভিয়েনায় আনা হয়েছিল।

জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই সশস্ত্র চুরির ঘটনা বড় ধাক্কা দিয়েছে, তবে কর্মীদের তাৎক্ষণিক শান্ত অবস্থানের কারণে কেউ হতাহত হননি। ঘটনার পরপরই স্নিফার ডগ ইউনিট ও ফরেনসিকদের সমন্বয়ে আন্তর্জাতিক পর্যায়ে চিরুনি অভিযান শুরু করেছে অস্ট্রিয়ান পুলিশ।

/এএ 

Logo