×
Logo

আন্তর্জাতিক

বসনিয়ায় মুসলিম গণহত্যার দায়ে দণ্ডিত রাতকো ম্লাদিচের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

বসনিয়ায় মুসলিম গণহত্যার দায়ে দণ্ডিত রাতকো ম্লাদিচের মৃত্যু

বসনিয়ায় গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সার্বিয়ান জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। 

১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ এলাকা’ স্রেব্রেনিৎসায় অন্তত ৮ হাজার মুসলিম হত্যার ঘটনায় তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার অন্যতম নিদর্শন ছিল এই হত্যাযজ্ঞ।

স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডের পাশাপাশি বসনিয়ার রাজধানী সারায়েভোতে দীর্ঘদিনের গোলাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যার জন্যও ম্লাদিচের বাহিনী দায়ী ছিল। এ ঘটনায় তাকে ‘বসনিয়ার কসাই’ নামে অভিহিত করা হয়।

২০১১ সালে গ্রেফতারের পর ২০১৭ সালে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২১ সালে তার আপিলও খারিজ হয়ে যায়।

চলতি আগস্টে জাতিসংঘের এক চিকিৎসক জানিয়েছিলেন, ম্লাদিচের মৃত্যু যেকোনো সময় হতে পারে। এ সময় অসুস্থতার কারণে মুক্তির আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছিল।

/এনএ 

Logo