ভারতের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী পাইলট। খবর হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কানপুরের কাটরি এলাকার নাথুপুরওয়া গ্রামের গঙ্গা ব্যারাজের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়।
নিহতরা হলেন— গুজরাটের বাসিন্দা প্রশিক্ষক শচীন ভাটিয়া এবং কর্ণাটকের প্রশিক্ষণার্থী পাইলট অভিষেক পুজারি। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কমিশনার জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর ফেরার পথে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
দুই ইঞ্জিনের টেকনাম মডেলের বিমানটি ২০২৩ সালে প্রশিক্ষণের জন্য ওই ফ্লাইট ট্রেনিং স্কুলে আনা হয়েছিল। প্রশিক্ষক শচীন ভাটিয়ার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাঠজুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর (ডিজিসিএ)-কে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। সংস্থাটি দুর্ঘটনার কারিগরি তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
/এনএ