নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম
নেপাল-চীন সীমান্তের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৩ জন।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত বাগমতী প্রদেশ পুলিশের হেটৌডা কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ বার্তায় এ তথ্য জানা গেছে।
রাসুয়া সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসা পানির প্রবল স্রোত ভাটির দিকে ছড়িয়ে পড়ায় একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান।
পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় ৩১ জনের মৃত্যু ও ৯৩ জন আহত হওয়ার পাশাপাশি দুর্গত এলাকা ও নদীর তীরে আটকে পড়া ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে।
নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল এসব অভিযান পরিচালনা করছে।
এদিকে, বন্যাকবলিত পুরো প্রদেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও দুর্গতদের সহায়তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা।
/এনএ