×
Logo

আন্তর্জাতিক

মার্কিন অবরোধ এড়িয়ে ইরান বিলিয়ন ডলার আয় করেছে: রেজাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

মার্কিন অবরোধ এড়িয়ে ইরান বিলিয়ন ডলার আয় করেছে: রেজাই

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের মধ্যেও ইরান বিপুল অর্থ আয় করেছে এবং যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে লাখ লাখ ব্যারেল তেল বিক্রি করেছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।

শনিবার (২৩ আগস্ট) ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে (আইআরআইবি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন।

রেজাই বলেন, গত এক থেকে দুই মাসে, ইরান প্রায় ৭ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে। তার দাবি, মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করেই এসব তেল রফতানি করা হয়েছে।

তিনি বলেন, 'গত এক-দুই মাসে আমরা ৭ কোটি ব্যারেল তেল বিক্রি করেছি। এখন প্রতিদিন আমরা যতটা তেল উৎপাদন করি, ততটাই ওই পাশে থাকা মার্কিন জাহাজগুলোর কাছে বিক্রি করছি।'

এ সময় মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ অন্য দেশগুলোকে যুক্ত না হওয়ারও সতর্কবার্তা দেন রেজাই। এমনকি কোনো দেশ এতে অংশ নিলে তাদের ওপর হামলার হুমকিও দেন তিনি।

রেজাই বলেন, ‘অবশ্যই, প্রথমে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো। বৈঠক করে বলবো, আমেরিকার কাছ থেকে নিজেদের আলাদা করুন। তারা যদি তা না করে, তাহলে আমরা হামলা চালাব। আমরা ওই দেশের স্বার্থে আঘাত করব।’

মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন রেজাই। তিনি দাবি করেন, ইরান আগে কোনো উসকানি ছাড়াই মার্কিন ঘাঁটিতে হামলা করেনি। তবে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করায় পরিস্থিতি বদলেছে।

তার ভাষ্য, ইরান এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কয়েকটি তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে’ হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও সেনা মোতায়েন করলে মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে হুমকি দেন তিনি।

যুদ্ধ উসকে দিয়ে অস্ত্র বিক্রির অভিযোগ

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার অভিযোগও তোলেন রেজাই। তার দাবি, অস্ত্র বিক্রি বাড়াতেই দুই দেশ ইচ্ছাকৃতভাবে যুদ্ধ ও সংঘাতকে উৎসাহিত করছে। তবে ইরানের যুদ্ধের প্রতি কোনো আগ্রহ নেই বলেও দাবি করেন তিনি।

রেজাই বলেন, ‘আমরা যদি যুদ্ধবাজ হতাম, তাহলে আমেরিকানদের সঙ্গে তিন দফা আলোচনা করতে যেতাম? যুদ্ধবিরতি আমরা মেনে নিতাম? অবশ্যই আমরা যুদ্ধবাজ নই। তবে কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করব না। আমরা সর্বশক্তি দিয়ে আমাদের দেশকে রক্ষা করবো।’

এ সময় হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র নিজেদের দায়িত্ব ও প্রতিশ্রুতি পূরণ করলেই এটি পুনরায় খুলবে বলে জানান রেজাই।

/এআই 

Logo