×
Logo

আন্তর্জাতিক

মার্কিন শুল্ক আরোপের যুক্তি ভিত্তিহীন: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৩৮ এএম

মার্কিন শুল্ক আরোপের যুক্তি ভিত্তিহীন: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলীয় পণ্যের ওপর ওয়াশিংটনের সম্প্রতি আরোপিত শুল্ক আরোপের যুক্তি ভিত্তিহীন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মতামত দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার (২১ আগস্ট) ট্রাম্পের সাথে এক ফোনালাপে এ কথা বলেন লুলা।

ব্রাজিল সরকারের এক বিবৃতি অনুসারে, এক ঘণ্টা ২০ মিনিট ধরে চলা এই ফোনালাপে লুলা বলেন, এই শুল্ক উভয় দেশেরই ক্ষতি করে। এ সময় তিনি বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন এবং উভয় পক্ষের শীঘ্রই পুনরায় বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।

গত মাসে যুক্তরাষ্ট্র অন্যায্য বাণিজ্য নীতির অভিযোগে কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে এবং জোরপূর্বক শ্রমের আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে আরও ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করে।

এই ফোনালাপে লুলা সংগঠিত অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ব্যাপারে ব্রাজিলের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ব্রাজিলে সক্রিয় অপরাধী চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তুলনা করা উচিত নয়—মে মাসে ওয়াশিংটন তাদের মধ্যে দুটির ক্ষেত্রে এই তকমাটি দিয়েছিলো। 

ব্রাজিলের প্রেসিডেন্সির তথ্যমতে, ট্রাম্প ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সম্পাদিত চুক্তিগুলোর অগ্রগতি সাধনের জন্য তিনি ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের তৎপর করবেন বলেও জানান।

/এসআর 

Logo