কড়া নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে কঠোর পুলিশি কনভয়ে করে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আগে থেকেই পুরো সংলগ্ন এলাকা সিলগালা করে দেয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, কারা কর্তৃপক্ষ, আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স এবং স্থানীয় প্রশাসনের ৮ শতাধিক সদস্য মোতায়েন করা হয়। এর আগে হাসপাতালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এক আদেশে কারাবন্দি ইমরান খানের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সরকারের পক্ষ থেকে এই নির্দেশ চ্যালেঞ্জ করে আবেদন করা হলেও পাকিস্তানের সর্বোচ্চ আদালত তা সরাসরি খারিজ করে দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। গত এক বছরেরও বেশি সময় ধরে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি নিয়ে দলীয় নেতাকর্মী ও পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত তোশাখানা ও বেআইনি বিয়েসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় সাজা বাতিল হলেও এখনও বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে।
/এএ