অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই ছাত্র গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ এএম
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডায় নগদ অর্থ লুট ও বিলাসী জীবনযাপনের লোভে নিজের স্কুলেরই প্রধান শিক্ষিকা কাল্লু রুপা রেড্ডিকে (৪৮) নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দশম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
নিহত রুপা রেড্ডি কোন্ডামাল্লেপল্লির নাগার্জুনা পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালক ছিলেন। গত ১২ আগস্ট সকালে নিজ বাসা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে তার শরীরে ২৭টি ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সময় তার স্বামী হায়দরাবাদে অবস্থান করছিলেন।
হত্যাকাণ্ডের পর নালগোন্ডা পুলিশের পাঁচটি তদন্ত দল সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক প্রমাণসহ ৮০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে জানা যায়, ফোন বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে আত্মীয়ের সাথে কথা বলার সময় শিক্ষিকা ‘বাবু’ শব্দটি উচ্চারণ করেছিলেন। এই শেষ শব্দটিকে সূত্র ধরে স্কুলের ছাত্রদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। তদন্তে দেখা যায়, ঘটনার দিন দশম শ্রেণির পাঁচজন ছাত্র অনুপস্থিত ছিল এবং তাদের মধ্যে দুজন হঠাৎ প্রচুর অর্থ খরচ করে বিলাসী জীবন ও পার্টি করে বেড়াচ্ছর
বুধবার সকালে ওই দুই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পুলিশ জানান, পাঁচ দিন ধরে পরিকল্পনা করে তারা গ্লাভস ও মাঙ্কি টুপি পরে ঘরে ঢুকে আড়াই লাখ রুপি চুরি করে পালানোর চেষ্টা করে। তবে টুপি খুলে পরিচয় ফাঁস হয়ে গেলে শিক্ষিকাকে এলোপাতাড়ি ২৭ বার ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর রক্তমাখা জামাকাপড় মাটিতে পুঁতে রেখে তারা গোয়ায় প্রমোদভ্রমণে যায়।
পুলিশ অভিযুক্তদের কাছ থেকে রক্তমাখা ১ লাখ ৫৪ হাজার রুপি, শিক্ষিকার ব্যবহৃত মুঠোফোন এবং লুণ্ঠিত অর্থে কেনা একটি আইফোন উদ্ধার করেছে। তদন্তে আরও জানা গেছে, ঘটনার আগে ছাত্ররা ভিডিও স্ট্রিমিং সাইটে ‘কীভাবে দ্রুত বড়লোক হওয়া যায়’ লিখে অনুসন্ধান করেছিল।
/এএ