৫.৯ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো ইন্দোনেশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে বলে খবর দেশটির সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের।
এটি ফ্লোরেস অঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা দ্বিতীয় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। গত সোমবার (১৭ আগস্ট) জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটিও উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
এর আগে, গত শনিবার (১৫ আগস্ট) ফ্লোরেসে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৫৩ জন নিহত হন।
আজকের ভূমিকম্পের পর তীব্র আতঙ্কে দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের মাংগারাই জেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। এতে ওই অঞ্চলে ধারাবাহিক ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
/এএম