কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি মানুষ। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরের এ হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে যায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলায় শহরের সোলোমিয়ানস্কি জেলায় একটি নয়তলা আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে ভবনটির ওপরের কয়েকটি তলা ধ্বংস হয়ে সাতজন নিহত হয়েছেন। হামলার পর শুক্রবারকে শোক দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
ক্লিৎসকো আরও জানান, রাজধানীর আরও দুটি জেলায় হামলার প্রভাব পড়েছে। এসব এলাকায় আবাসিকের পাশাপাশি গুদাম, একটি স্কুল ও শিশুদের একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, হামলার পর রাজধানীতে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর মধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। কিয়েভের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের তীব্র সংকটকে কাজে লাগিয়ে মস্কো হামলা বাড়িয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় ড্রোনের যন্ত্রাংশ তৈরির স্থাপনা, একটি সামরিক গুদাম ও লজিস্টিকস হাবসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
হামলার সময় কিয়েভে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। রাজধানীর আশপাশের অঞ্চলেও হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
ইউক্রেনের জরুরি পরিষেবা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনে আগুন নেভানোর পাশাপাশি মানুষকে নিরাপদে বের করে আনতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনও হামলা বাড়িয়েছে। মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতে দেশটির তেল স্থাপনা ও লজিস্টিকস অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিয়েভ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে চলমান এই যুদ্ধে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এখন পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়নি।
রাশিয়ার হামলার সময় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ার ভূখণ্ডে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে আরেকটি ড্রোন মলদোভার আকাশসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
এদিকে, যুদ্ধ অবসানে একটি পরিকল্পনা নিয়ে মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের জন্য আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রেরও দাবি জানিয়ে আসছেন তিনি।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, মার্কিন আলোচকদের সঙ্গে সম্ভাব্য নতুন বৈঠকের বিষয়ে মস্কো নির্দিষ্ট কোনো প্রস্তাব পায়নি। তবে স্বল্প নোটিশে বৈঠকের আয়োজন করতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।
উল্লেখ্য, উইটকফ ও কুশনার সর্বশেষ গত জানুয়ারিতে মস্কো সফর করেছিলেন। তবে এখনও তারা কিয়েভ সফর করেননি।
/এনএ