ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতরেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকও মারা যান।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। এটি সাধারণ রোগীদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা শহরের বিভিন্ন হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
ভয়াবহ এই প্রাণহানির ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় পৌর প্রশাসন।
/এএ