মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেলবাহী জাহাজের নিরাপত্তা ঝুঁকির মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা দেখা গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা চার সেশন বাড়ার পর শুরুর লেনদেনে তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবর ডেলিভারির জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বর ডেলিভারি চুক্তি ব্যারেলপ্রতি সামান্য ২ সেন্ট কমে ৮৫ দশমিক ৮১ ডলারে নেমেছে। তবে বাজারে বেশি সক্রিয় থাকা অক্টোবর ডেলিভারির ডব্লিউটিআই চুক্তির দাম ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে বুধবার পর্যন্ত টানা চার দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কেই দর বৃদ্ধি পায় এবং গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করায় বাজারে এ ধারা অব্যাহত রয়েছে।
/এএ