×
Logo

আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বাংলাদেশি সাংবাদিকসহ একই পরিবারের নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বাংলাদেশি সাংবাদিকসহ একই পরিবারের নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়— ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র-মিডিয়াসূত্রে জানা গিয়েছে। এই খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন।

এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু রয়েছে।

ওই হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের যে ৪ জন, তারা হলেন— দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) ও দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি (৬৪)।

নিহত অন্য বাংলাদেশি ঢাকার সাভারের আহমেদ বাবু (৪০)। তার বাড়ি সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়িতে। দুর্ঘটনায় মারা যাওয়া ১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা।

বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি। এছাড়া আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

/এমএইচআর 

Logo