×
Logo

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলার কথা স্বীকার নেতানিয়াহুর, নিন্দা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:১০ এএম

সিরিয়ায় ইসরায়েলি হামলার কথা স্বীকার নেতানিয়াহুর, নিন্দা যুক্তরাষ্ট্রের

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে হামলাটিকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইদলিবের কাছে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার খবর প্রকাশ্যে আসে। কয়েক ঘণ্টা নীরব থাকার পর এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু। তার দাবি, তুরস্কের সেনাদের ওই ঘাঁটিতে মোতায়েনের সম্ভাবনা তৈরি হওয়ায় ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে।

নেতানিয়াহু বলেন, সিরিয়ার আলেপ্পোর কাছে আবু আল-দুহুর সামরিক ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের সম্ভাবনা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আলোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, নিরাপত্তা বিষয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি  সমঝোতা রয়েছে। আবু আল-দুহুর ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের সম্ভাবনা সেই অবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি বলেন, ‘এ ধরনের মোতায়েন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে’, এ বিষয়ে সিরিয়াকে বারবার সতর্ক করা হয়েছিল। ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো হুমকি তারা মেনে নেবে না বলেও জানান নেতানিয়াহু। একই সঙ্গে আগের নিরাপত্তা পরিস্থিতিতে ফিরে আসাকে স্বাগত জানাবে ইসরায়েল বলেও উল্লেখ করেন তিনি।

তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘদিন ধরেই প্রকাশ্য বিরোধ রয়েছে। এরদোয়ানকে হামাসের সমর্থক হিসেবে অভিযুক্ত করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সঙ্গে আঙ্কারার কাছে যুক্তরাষ্ট্রের তৈরি 'এফ-৩৫' যুদ্ধবিমান বিক্রিরও বিরোধিতা করেছেন তিনি।

অন্যদিকে, তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দিয়েছেন, যা ‘মানবতা আর সহ্য করতে পারছে না’।

মঙ্গলবার (১৮ আগস্ট) আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার খবর প্রকাশ্যে আসার পরই এ নিয়ে উদ্বেগ জানায় ওয়াশিংটন। 

মার্কিন দূত টম ব্যারাক বলেন, আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলের নিশ্চিত করা বিমান হামলা ‘অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে’ এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি হচ্ছে না।

তিনি আরও বলেন, নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর পরিবর্তে সব পক্ষকে ‘যুক্তিসংগত আলোচনা’কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন সিরিয়ায় ইসরায়েলি এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের আপত্তির মধ্যেই হামলার দায় স্বীকার করায় ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের মধ্যকার নীতিগত মতপার্থক্যও সামনে এসেছে।

/এআই 

Logo