×
Logo

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ডে বিতর্কিত পরীক্ষা বাতিল

১৬ দিন পর অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

১৬ দিন পর অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্র

ভারতের ঝাড়খণ্ডে ১৬ দিন পর অনশন ভেঙেছেন ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহতো। বিতর্কিত একটি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে তিনি এই অনশন শুরু করেছিলেন। সরকার ওই পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী রাঁচির একটি হাসপাতালে রাজ্যের মন্ত্রীদের উপস্থিতিতে তিনি অনশন শেষ করেন। খবর বিবিসির।  

এর আগে, গত ২৫ জুলাই থেকে ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম হয়েছে।

ঝাড়খণ্ডের প্রাথমিক সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশের পরই এই বিক্ষোভ শুরু হয়। কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, অনলাইনে প্রকাশিত উত্তরপত্রে সফল প্রার্থীদের উত্তরসংখ্যা নিয়ে অসঙ্গতি রয়েছে। এতে পরীক্ষার ফল নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর রাজ্য সরকার ওই প্রাথমিক পরীক্ষা বাতিল করে এবং রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিয়ে তদন্তের ঘোষণা দেয়। তদন্তে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের মধ্যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রধানও রয়েছেন। 

তবে, আন্দোলনকারীরা শুধু ওই পরীক্ষা বাতিলেই সন্তুষ্ট ছিলেন না। তারা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (জেএসএসসি-সিজিএল) পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন।

সোমবার রাতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেএসএসসি-সিজিএল পরীক্ষাও বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, পরীক্ষার অনিয়মের বিষয়ে সিআইডির তদন্তে অনেক চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। তবে তদন্ত চলমান থাকায় তিনি বিস্তারিত কিছু জানাননি।

সোরেন আরও জানান, বেসরকারি সংস্থা টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড (টিডিপিএল) ২০১৪ সাল থেকে যেসব নিয়োগ পরীক্ষা নিয়েছে, সেগুলোও বাতিল করা হবে। একই সঙ্গে ২০১৪ সাল থেকে নেওয়া নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে তদন্ত করা হবে। এ ছাড়া রাজ্যের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের সুপারিশ দিতে একটি কমিটি গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী। 

সরকারের ঘোষণায় রাঁচিতে আন্দোলনকারীদের মধ্যে আনন্দ দেখা দেয়। তবে আন্দোলনকারীদের একটি অংশ জানায়, সিবিআই তদন্তের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।

/এএন

Logo