×
Logo

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ট্রাম্পকে এরদোয়ানের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ট্রাম্পকে এরদোয়ানের আহ্বান

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে আলোচনা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টায় আঙ্কারার সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এসব কথা বলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়।

ফোনালাপে ইরান ও গাজার যুদ্ধ, তুরস্ক-সৌদি আরব-পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা।

এরদোয়ান ট্রাম্পকে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনীতির সর্বোচ্চ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান এরদোয়ান।

ফোনালাপে গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার কথা থাকলেও ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে।

এরদোয়ান বলেন, গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর অভিযান বেড়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং গাজার পুনর্গঠনে তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

এর আগে, রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে চুক্তিটির প্রশংসা করেন ট্রাম্প। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে যখন নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এরদোয়ানের এই আহ্বানকে আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় তুরস্কের সক্রিয় ভূমিকারই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে আঙ্কারার কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।

/এআই 

Logo