×
Logo

আন্তর্জাতিক

ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:১৫ এএম

ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ওমান ‘বাধা দিলে’ দেশটিতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলতে আলাদাভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ওমান। বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায় ছয় মাস ধরে কার্যত বন্ধ।

ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্ট জানান, ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাবো।

তবে ট্রাম্পের কাছে ‘বাধা সৃষ্টি’ বলতে ঠিক কী বোঝায়, তা স্পষ্ট নয়।

এর আগে, সোমবার ইরানের কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, জাহাজ চলাচলের পথ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। চূড়ান্ত বিষয়গুলো ঠিক করার পর যৌথ বিবৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালির দক্ষিণ পাশে অবস্থিত ওমান। দেশটি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে আসছে। তবে ইরানের কয়েক দফা হামলার শিকার হয়েছে ওমান। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে দেশটি।

হরমুজ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান প্রণালিটি অনেকটাই বন্ধ করে দেয়। তাই এটি আবার খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের আলোচনার অন্যতম প্রধান বিষয়।

সূত্র: বিবিসি

/এসআইএন

Logo