×
Logo

আন্তর্জাতিক

সামরিক ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে: রেজা আরেফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

সামরিক ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে: রেজা আরেফ

সামরিক ক্ষেত্রে ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এ তথ্য জানায়।

আরেফ বলেন, সামরিক সংঘাতে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়ে ওয়াশিংটন এখন অর্থনৈতিক চাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে চাপ সৃষ্টি করছে, তাকে তিনি ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যুদ্ধের ময়দানে যেভাবে ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, একইভাবে এই অর্থনৈতিক যুদ্ধও মোকাবিলা করে জয়ী হবে তেহরান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা নিয়েও দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের এই টানাপোড়েন আরও তীব্র হয়েছে। বিশেষকরে, হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। 

হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘দুষ্ট’ দেশ আখ্যা দিয়ে চলমান সংঘাতের কারণে আমেরিকানদের জ্বালানির বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে যুদ্ধের অবসানে শান্তি আলোচনা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল; দুটিই কার্যত স্থবির হয়ে পড়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই প্রণালি কখন খুলবে বা বন্ধ হবে, তা শুধু ইরানের নির্দেশেই নির্ধারিত হবে।’ 

তার দাবি, যুক্তরাষ্ট্র যতক্ষণ পরাজয়ের বাস্তবতা মেনে না নেবে এবং ‘কল্পনার জগতে’ থাকা বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর রাখবে তেহরান।

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম একটি হুমকিমূলক পোস্ট, একটি বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ জারি কিংবা নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।’

চলতি বছরের, গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট তেল রফতানির প্রতি পাঁচ ব্যারেলের একটি এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য হুমকির কথা বারবারই উল্লেখ করে আসছেন ট্রাম্প। তবে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ছে। একইসঙ্গে, বিষয়টি ভোটারদের মধ্যেও হতাশা তৈরি করছে। 

/এআই 

Logo