×
Logo

আন্তর্জাতিক

ইরানের ৩ পাইলটকে আটকের দাবি অস্বীকার করল কাতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

ইরানের ৩ পাইলটকে আটকের দাবি অস্বীকার করল কাতার

যুদ্ধ শুরুর দিকে বিমান ভূপাতিত হওয়ার পর তিন ইরানি পাইলটকে কয়েক মাস ধরে আটক রাখার বিষয়ে ইরানের এক সামরিক কমান্ডারের করা দাবি প্রত্যাখ্যান করেছে কাতার। খবর সিএনএনের। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানি পাইলটদের আটকের বিষয়ে প্রচারিত দাবিগুলো আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি এবং এই সময়ে, যখন আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রয়েছে, তখন এমন বিভ্রান্তিকর বক্তব্যে আমরা বিস্মিত।

তিনি আরও বলেন, কাতারের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাইলটদের দেহাবশেষের সন্ধান চালিয়েছে এবং একজন পাইলটের দেহাবশেষ হস্তান্তরের বিষয়ে সমন্বয়ের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানান, এপ্রিলে কাতার ইরানকে অভিযানগুলোর বিস্তারিত বিষয়ে অবহিত করার জন্য আমন্ত্রণ জানানো হলেও ইরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ইরানি সামরিক কমান্ডার সাইয়েদ মোহাম্মদ বাঘেরজাদেহ রেড ক্রসকে দেওয়া এক চিঠিতে দাবি করার পর কাতারের পক্ষ থেকে এই অস্বীকৃতি আসে। 

এর আগে, ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বাঘেরজাদেহ দাবি করেছেন, কাতার তিন ইরানি ক্রু সদস্যকে কয়েক মাস ধরে আটক করে রেখেছিল।

তিনি বলেন, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর দুটি ইরানি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করা হয়। তিন ইরানি পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং তাদের মধ্যে একজন যুদ্ধে নিহত হন বলে দাবি করেন তিনি। 

/এএন

Logo