দুই মাস ধরে দেশে নেই ক্যামেরুনের প্রবীণ রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
পল বিয়া
ক্যামেরুনের রাষ্ট্রপতি পল বিয়া ১৯৮৪ সালে যখন প্রথম নির্বাচনে জিতে রাষ্ট্রক্ষমতায় আসেন, তখন ফরমি বাইমের বয়স ছিল ২৩। তিনি তখনও লেখাপড়া করতেন। সেই বাইমের বয়স এখন ৬৫। দীর্ঘ সময় শিক্ষকতার চাকরি করে অবসরেও গেছেন। কিন্তু সেই ২৩ বছর বয়সে যে পল বিয়াকে প্রেসিডেন্ট হিসেবে দেখেছেন, তিনি-ই এখন ওই একই পদে থেকে দেশ চালাচ্ছেন।
এরইমধ্যে পল বিয়া পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের তকমাও নিজের করে নিয়েছেন। কিন্তু সম্প্রতি তিনি অন্য এক কারণে আলোচনায়।
সিএনএন'র খবর, পল বিয়া দুই মাস আগে ইউরোপে গিয়েছেন। দেশ থেকে বলা হয়েছিল, এটি তার ব্যক্তিগত সফর এবং তিনি যাচ্ছেন স্বল্প সময়ের জন্য। কিন্তু তিনি এখনও দেশে ফিরে আসেননি।
৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট জুনের ৭ তারিখে দেশ ছেড়ে গিয়েছিলেন।
যখন তিনি বাইরে থাকেন, তখন তার কাছের মানুষ এবং পরিবারের লোকজন দেশ পরিচালনার যাবতীয় কাজ দেখভাল করেন। এই মাসের শুরুতেও বিয়া বাইরে বসেই সেনাবাহিনীতে বড় পরিবর্তন ঘোষণা করেছেন। মানে তিনি এখনও সিদ্ধান্ত নিচ্ছেন। শুধু সশরীরে দেশে নেই।
সবশেষ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিয়া সুইজারল্যান্ডের জেনেভায় আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থও নন। এছাড়া আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এমনিতেই প্রেসিডেন্ট বিয়াকে জনসম্মুখে কম দেখা যাওয়ায় তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলতেই থাকে ক্যামেরুনে। এবার দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় সেসব গল্প ডালপালা মেলেছে। এমনকি কেউ কেউ ধারণা করছেন, তিনি মারাও গেছেন। যদিও তার অফিস থেকে বারবার এসব ধারণাপ্রসূত আলোচনা না করার জন্য বলা হচ্ছে। বিয়াকে নিয়ে এতই আলোচনা চলে যে, ২০২৪ একবার প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা টেলিভিশনে না করার জন্য নির্দেশনা জারি করা হয় সরকারের তরফে।
ক্যামেরুনের লোকজনের মনে এখন প্রশ্ন, একটি দেশ কতদিন নেতা ছাড়া চলতে পারে? তিনি কি আদৌ ফিরবেন দেশে? না ফিরলে ভবিষ্যত ক্ষমতাভারই বা কে গ্রহণ করবেন?
এসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করা ছাড়া আপাতত কিছু করার নেই ক্যামেরুনের জনগণের।
/এমএমএইচ