হরমুজ প্রণালিতে আবারও হামলার শিকার আরব আমিরাতের জাহাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি এর একটি জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিএনএনের।
স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) রাতে জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ইরানের বৈরী হামলা হিসেবে নিন্দা করে এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তবে ওই ঘটনায়ও কেউ আহত হয়নি বলেও জানায় তারা।
গত ৪৮ ঘণ্টায় এডিএনওসি এর জাহাজে এটি তৃতীয় হামলার ঘটনা। এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের আরও দুটি জাহাজে হামলা হয়েছিল বলে জানিয়েছিল তারা।
অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালিতে একটি বাল্ক ক্যারিয়ারের গায়ে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত করেছে।
এদিকে, ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে তারা সতর্ক করেছে।
ইউএই প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, রাষ্ট্রীয় তেল কোম্পানির জাহাজে বারবার হামলা চালালেও ইউএই পিছিয়ে যাবে না।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষা করবে ইউএই। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার পাশাপাশি তারা সংলাপ ও কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দেবে।
/এএন