২৫ বছর বয়সে মারা গেলেন মিস আর্থ ইন্দোনেশিয়া বিজয়ী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম
মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ বিজয়ী পুত্রি আন্দ্রিয়ানি জুফিচা ২৫ বছর বয়সে মারা গেছেন। মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া সংগঠন এক শোকবার্তায় শুক্রবার (১৪ আগস্ট) তার ২৬তম জন্মদিনে তার মৃত্যুর খবর জানায়। খবর গালফ নিউজের।
শোকবার্তায় মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া জুফিচাকে স্মরণ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানায়। তবে, এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
জুফিচা উত্তর সুলাওয়েসির প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২৫ সালে তিনি মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেন এবং পরে মিস আর্থ ইন্দোনেশিয়া নির্বাচিত হন। ২০২৫ সালের মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় রানার-আপও হয়েছিলেন তিনি।
সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করতেন জুফিচা। তিনি বর্জ্য পুনর্ব্যবহার, নদী দূষণ কমানো এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করেছেন।
তিনি আইন বিষয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি তিনি গানও করতেন। মৃত্যুর কয়েক মাস আগেও তিনি বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। গত জুনে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসেবেও কাজ করেন।
/এএন