×
Logo

আন্তর্জাতিক

ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন 'টপ প্রায়োরিটি': ভ্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন 'টপ প্রায়োরিটি': ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো দেশের জনগণের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখা। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এ বিষয়টি অগ্রাধিকারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সংঘাত শুরুর প্রথম দিকের তুলনায় বর্তমানে তেলের দাম অনেকটাই কমেছে। তবে সাধারণ মার্কিন নাগরিকদের জন্য জ্বালানি তেলের দাম আরও কম রাখাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।

ভ্যান্স বলেন, ‘এটাই এক নম্বর লক্ষ্য। দেশজুড়ে সব মার্কিন নাগরিকের জন্য তেল ও গ্যাসের দাম সাশ্রয়ী রাখা।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রধান লক্ষ্য হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়া।

ভ্যান্সের ভাষ্য, ‘দ্বিতীয় লক্ষ্য অবশ্যই নিশ্চিত করা যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম নিয়ে উদ্বেগের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

/এআই 

Logo