মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ৭ নাবিক নিহতের দাবি মিথ্যা: সেন্টকম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম
মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মিথ্যা দাবি’ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের দাবি, একটি প্রতিবেদনে বিমানবাহী রণতরীটিতে মারামারিতে ৭ নাবিক নিহত হওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সম্প্রতি জাহাজটিতে আত্মহত্যার প্রবণতা বেড়েছে বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব তথ্যকে ‘মিথ্যা’ বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন নৌবাহিনীর সব বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের পুনরায় দায়িত্বে যোগ দেওয়ার হার অন্যতম সর্বোচ্চ—৮৪ দশমিক ৪ শতাংশ।
সেন্টকম আরও জানায়, ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান, ১০ হাজার বিমান উড্ডয়ন এবং ১৫ লাখ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের পরও আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিনরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এছাড়া বিমানবাহী রণতরীটিতে কোনো সেনাসদস্যের মৃত্যু হয়নি বলেও দাবি করেছে সেন্টকম। তবে গত ৩ আগস্ট একজন নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয় জানায় মার্কিন সামরিক কমান্ড।
এছাড়া সেন্টকমের ভাষ্য, আব্রাহাম লিংকনের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ মোতায়েন নিয়ে এ ধরনের ভুল তথ্য প্রচার মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের প্রতি অন্যায়।
/এনএ