রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত জাপানের পূর্বাঞ্চল, বন্যা ও জলাবদ্ধতায় ৪ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম
নজিরবিহীন ভারী বর্ষণে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের পূর্বাঞ্চল। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও তীব্র জলাবদ্ধতা। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে একজন গাড়ির ভেতরে আটকে পড়ে পানির নিচে তলিয়ে গিয়ে মারা যান। গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চিবা রাজ্যে ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অতিবৃষ্টির কারণে চিবার বহু গুরুত্বপূর্ণ সড়ক ও রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। পার্শ্ববর্তী অঞ্চল হওয়ায় ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মারাত্মক প্রভাব পড়েছে রাজধানী টোকিওতেও।
এদিকে অতিরিক্ত বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে জাপানের প্রধান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার বিমানবন্দরটিতে আটকা পড়ে তীব্র ভোগান্তির মুখে পড়েছেন অন্তত ৭ হাজার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী।
/এএ