×
Logo

আন্তর্জাতিক

আরাঘচি

গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর ওয়াশিংটনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। খবর সিএনএনের। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

আরাঘচি বলেন, ভুয়া খবরের চেয়েও খারাপ হলো ভুয়া গোয়েন্দা তথ্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এবার হরমুজ প্রণালি নিয়ে আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে।

এর আগে বুধবার (১২ আগস্ট) ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ বজায় রাখবে এবং এটিকে ইস্পাতের দেয়াল হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের এ বিষয়ে কিছু করার নেই। তার ভাষ্য অনুযায়ী, ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই এবং দেশটির অবশিষ্ট সেনাসদস্যদের বেতন দেওয়া হচ্ছে না। তিনি আরও দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং পালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভেস্তে যাওয়া শান্তি আলোচনায় দুই পক্ষই প্রণালিটিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে এবং বারবার এর ওপর নিজেদের অধিকার দাবি করে আসছে। 

এই কূটনৈতিক অচলাবস্থার কারণে প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

/এএন

Logo