লোহিত সাগরে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম
লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর সিএনএনের।
বুধবার (১২ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন, তিনি বলেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এর আগে জানিয়েছিল, বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি মালিকানাধীন একটি জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলায় চার নাবিক ও দুই উদ্ধারকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার হুতিদের সংবাদ সংস্থা সাবার মাধ্যমে হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি। তাদের দাবি, জাহাজটিতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। তবে এ দাবির বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, গত ২০ জুলাই বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে হুতিদের হামলায় এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/এএন