×
Logo

আন্তর্জাতিক

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে বিজেপির শাটডাউন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে বিজেপির শাটডাউন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ডাকে রাজ্যজুড়ে পালিত হয়েছে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।   

মঙ্গলবার (১১ আগস্ট) শাটডাউন চলাকালে রাজ্যটির বিভিন্ন প্রধান প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও পথঅবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। এর ফলে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও শহরাঞ্চলে তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এর আগে গত সোমবার পরীক্ষার স্বচ্ছতা ও সংস্কার, বেশ কয়েকটি বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল এবং পুরো প্রক্রিয়ার কেন্দ্রীয় তদন্তের (সিবিআই) দাবিতে ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে বিশাল পদযাত্রার আয়োজন করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিধানসভার কাছে পৌঁছালে পুলিশ বেরিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ব্যাপক সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও বেধড়ক লাঠিচার্জ চালায় পুলিশ।

উল্লেখ্য, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঝাড়খণ্ডজুড়ে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছেন।

ঝাড়খণ্ড রাজ্য সরকার দাবি করেছে যে শিক্ষার্থীদের অধিকাংশ যৌক্তিক দাবিই মেনে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মৌখিক আশ্বাস নয়—দাবিসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম ও রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

/এএ 

Logo