×
Logo

আন্তর্জাতিক

ওমানে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় তেল ট্যাংকার লিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

ওমানে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় তেল ট্যাংকার লিক

ফাইল ছবি

ওমানের অত্যন্ত স্পর্শকাতর ও সংরক্ষিত একটি সামুদ্রিক অঞ্চলে আটকে থাকা একটি তেল ট্যাংকার থেকে তেল নিংসৃত হয়ে সমুদ্রের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে আঞ্চলিক সামুদ্রিক পরিবেশ ও বিরল জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-র এক  প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারোলিন বেজেঙ্গি নামের ওই তেল ট্যাংকারটি গত এপ্রিলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করেছিল। 

মে মাসের শেষ দিকে সুয়েজ খাল অতিক্রম করার পর অনাকাঙ্ক্ষিত এক বিস্ফোরণের ফলে জাহাজটির একাধিক অংশে পানি ঢুকতে শুরু করে। এরপর জুন মাসের শুরু থেকেই এটি ওমানের আল-কিবলিয়াহ দ্বীপের কাছে সমুদ্রে আটকা পড়ে ছিল। এই জাহাজটি পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত রাশিয়ার তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া বহরের অংশ।

সংরক্ষিত দ্বীপাঞ্চলের কাছে সমুদ্রপৃষ্ঠে তেল ছড়িয়ে পড়ায় ওই এলাকার বিরল সামুদ্রিক প্রজাতি ও জলজ বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়েছে।

ওমান নিউজ এজেন্সি (ওএনএ) নিশ্চিত করেছে যে, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং ওই রুটে নৌ-চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজে থাকা অবশিষ্ট তেল দ্রুত স্থানান্তরের জন্য একটি জরুরি উদ্ধার ও অপসারণ পরিকল্পনা বাস্তবায়ন করছে দেশটির কর্তৃপক্ষ।

/এএ 

Logo