রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পাশাপাশি, এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
তাতারস্তানের নিজনেকামস্ক শহরে এই হামলা হয়। শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে। সেখানে কয়েকটি বড় তেল শোধনাগার ও একটি বড় পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাতভর কয়েক ঘণ্টা ধরে হামলা চলে এবং তা সকাল পর্যন্ত অব্যাহত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে আকাশে ধোঁয়া ও আগুনের বড় কুণ্ডলী দেখা গেছে। এ সময় বিমান হামলার সাইরেনও বাজছিল।
হামলার লক্ষ্য কী ছিল, তা এখনো রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে কিয়েভ সম্প্রতি রাশিয়ার যুদ্ধের জন্য অর্থ ও সরবরাহ জোগায় এমন স্থাপনায় হামলা বাড়িয়েছে।
রাশিয়া জানায়, শিল্পকারখানার পাশাপাশি আবাসিক এলাকাও হামলার শিকার হয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, সামরিক কর্মকাণ্ডে জড়িত নন এমন বেসামরিক মানুষও সেখানে ছিলেন। এছাড়া, রাতভর রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি জানায় তারা।
এদিকে, তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে, তাতারস্তানে শোক পালনের সময় ঘোষণা করা হয়েছে।
/এএন