যুক্তরাষ্ট্র শর্ত 'না' মানা পর্যন্ত হরমুজ খুলবে না ইরান: হোসেইন মোহেবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
যুক্তরাষ্ট্র তেহরানের সব শর্ত মেনে 'না' নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখাই তাদের বর্তমান কৌশল।
তিনি বলেন, ‘শত্রুপক্ষ আমাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই প্রণালি ধরে রাখাই আমাদের বর্তমান কৌশল।’
হরমুজ প্রণালিকে এখন শুধু একটি নৌপথ হিসেবে দেখছে না ইরান। মোহেবির ভাষায়, ‘বর্তমানে আমাদের জন্য এই প্রণালি কার্যত একটি যুদ্ধক্ষেত্র।’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ বা সীমিত হয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। দুই দেশের মধ্যে শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।
এর আগে আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে বলে তেহরানের অভিযোগ। এসব বিষয় সমাধান না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে ইরান।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
/এআই